|| ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
ইসরায়েল সীমান্তের কাছে রকেট হামলা, ৪ থাই নাগরিক নিহত
প্রকাশের তারিখঃ ১ নভেম্বর, ২০২৪
ইসরায়েলের মেতুলা শহরের কাছে রকেট হামলায় থাইল্যান্ডের চার নাগরিক নিহত হয়েছে। ওই হামলায় একজন আহত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে থাই পররাষ্ট্রমন্ত্রী মারিস সানগিয়ামপংসা হতাহতের এমন সংখ্যা জানিয়েছেন। মেতুলা শহরটির অবস্থান লেবানন ও ইসরায়েল সীমান্তের কাছে।
থাই পররাষ্ট্রমন্ত্রী মারিস বলেন, শান্তির পথে ফিরে আসতে সব পক্ষকে দৃঢ়ভাবে আহ্বান জানিয়ে আসছে থাইল্যান্ড। দীর্ঘায়িত এবং গভীরতর এ সংঘাতে ক্ষতিগ্রস্ত নিরীহ বেসামরিক মানুষদের কথা ভেবে এমন পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।
ইসরায়েলি কর্তৃপক্ষের হিসাব অনুসারে, গত বছর ইসরায়েল সীমান্তে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলায় যে ১২০০ মানুষ নিহত হয়েছে, তার মধ্যে ৪১ জন থাই নাগরিক। ২০২৩ সালের ৭ অক্টোবরে হওয়া ওই হামলার ঘটনার সময় ৩০ থাই নাগরিককে অপহরণ করা হয়। থাই কর্তৃপক্ষের দাবি, ৩০ জনের মধ্যে ৬ জন এখনো জিম্মি অবস্থায় আছেন।
সংঘাত শুরুর আগে প্রায় ৩০ হাজার থাই নাগরিক ইসরায়েলে চাকরি করতেন। তাঁদের বেশির ভাগই কৃষি খাতে কাজ করেন। ইসরায়েলের অভিবাসী শ্রমিকদের একটা বড় অংশই থাই নাগরিক।
প্রসঙ্গত, গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েল-লেবানন সীমান্তের উভয় দিকে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী গত সেপ্টেম্বরের মাঝামাঝি হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা জোরদার এবং পরে দক্ষিণ লেবাননে সীমিত স্থল অভিযান শুরু করে। এই ঘটনার পর হিজবুল্লাহর তরফে ইসরায়েলে হামলা জোরদার করা হয়। এতে বৃহস্পতিবার একদিনেই রকেট হামলায় ইসরায়েলে সাতজন নিহত হয়েছেন।
Copyright © 2026 Desh Investigation. All rights reserved.