|| ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
সাকিবকে ফেরাতে ৪ দফা
প্রকাশের তারিখঃ ২০ অক্টোবর, ২০২৪
‘আমার জীবন, আমার নিয়ম, আমার ধরন, আমার আচরণ। আমাকে ভালোবাসুন কিংবা ঘৃণা করুন, আমি পরোয়া করি না। কিন্তু আমার সঙ্গে খেলবেন না’-বৃহস্পতিবার ‘সাকিববিরোধী’ ছাত্র-জনতার বিক্ষোভে যখন উত্তাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম প্রাঙ্গণ, ঠিক তখন বাংলা টাইগার্সের প্রমোশনাল ভিডিওতে এমন মন্তব্য করেন সাকিব আল হাসান। নিজেকে নিয়ে খেলতে সতর্ক করলেও দেশের মানুষ পক্ষ-বিপক্ষ হয়ে এখন তাকে নিয়েই খেলছেন। কেউ কেউ তার বিপক্ষে মিছিল-সমাবেশ করছেন, কেউবা আবার তার পক্ষে দাঁড়াচ্ছেন ব্যানার নিয়ে।
আগামী ২১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে নিজের শেষ টেস্ট খেলতে সাকিব আসতে চেয়েছিলেন দেশে। শেরেবাংলা স্টেডিয়ামের সবুজ গালিচায় সাদা পোশাকে নিজের শেষ ম্যাচটা খেলবেন বলে যুক্তরাষ্ট্র থেকে ফিরছিলেন দেশে।
দুবাইতে যখন ট্রানজিটে ছিলেন, তখনই তাকে জানানো হয়, নিরাপত্তার কারণে দেশে যাতে এখন না ফেরেন তিনি। যুব ও ক্রীড়া উপদেষ্টার এমন বার্তায় সাকিব আর দেশের পথে পা বাড়াননি, ফিরে যান যুক্তরাষ্ট্রে।
এদিন সাকিববিরোধীরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর স্মারকলিপি দেন সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিতে। ছাত্র আন্দোলনে চুপ থাকা ও হত্যা মামলার আসামি সাকিবকে দেশের জার্সিতে আর চান না বলেও জানায় বিক্ষোভকারীরা। তবে ২৪ ঘণ্টা পার না হতেই রাস্তায় নেমেছে সাকিব-ভক্তরা। মিরপুর স্টেডিয়ামের সামনে কয়েকশ জনতা জড়ো হন সাকিবকে দেশে ফিরিয়ে শেষ টেস্ট খেলার সুযোগ করে দেওয়ার দাবিতে।
শুক্রবার দুপুরে নিজেদের ‘সাকিবিয়ান’ দাবি করে ‘উই স্ট্যান্ড উইথ সাকিব আল হাসান’ হ্যাশট্যাগ দেওয়া একটি ব্যানার নিয়ে স্টেডিয়ামের দুই নম্বর গেটের সামনে দাঁড়িয়ে ‘সাকিব’, ‘সাকিব’ সেøাগান দিয়েছেন সেই সমর্থকরা। ব্যানারে লেখা ছিল, ‘বাংলার নবাব সাকিব আল হাসানকে নিয়ে কোনো রকম ষড়যন্ত্র আমরা সাকিবিয়ানরা মেনে নেব না।’ এ সময় তারা চারটি দাবিসংবলিত স্মারকলিপি দেন বিসিবি প্রধান ফারুক আহমেদ এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বরাবর। তাদের দাবিগুলো যথাক্রমে-১. সাকিব আল হাসানকে দেশে ফেরানোর সব ব্যবস্থা করতে হবে। ২. তার দেশে ফেরা এবং দেশত্যাগের সময় সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে। ৩. সাকিবের জন্য বিদায়ি সংবর্ধনার ব্যবস্থা করতে হবে। ৪. মিডিয়া এবং ভক্তদের পক্ষ থেকে সাকিবকে সংবর্ধনা নেওয়ার সুযোগ করে দিতে হবে।
এ সময় একজন আন্দোলনকারী বলেন, আমরা জানি সাকিবকে কারা দেশে আসতে দিচ্ছেন না। এখানে একটা সিন্ডিকেট কাজ করছে। তাদের পরিচয় এখনই বলতে চাই না। আমরা চার দফা দাবি তুলে ধরেছি। না মানলে আমরা এক দফায় যাব এবং কঠোর আন্দোলন করা হবে। তাই সাকিব ছাড়া যেন এই ম্যাচে না নামা হয়। তবে ‘সাকিবিয়ান’ নামে যারা সাকিবকে ফেরানোর দাবিতে মাঠে নেমেছেন তাদের সেই দাবি বিসিবিকে কিংবা অন্তর্বর্তী সরকারকে কতটা নাড়া দেবে, সেটিই এখন দেখার বিষয়।
Copyright © 2026 Desh Investigation. All rights reserved.