
চট্টগ্রাম: নগরীর কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি, ডাকাতির প্রস্তুতি মামলার এক তদন্তপ্রাপ্ত আসামি, একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং সিএমপি অধ্যাদেশে আরও ১২ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। অভিযানে মোট ১৬ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) কোতোয়ালী থানা এলাকায় মাদক, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর সার্বিক দিকনির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে এবং কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এসআই আব্দুল আউয়াল, এসআই মিজানুর রহমান, এসআই অনুপ কুমার ধর, এসআই নাঈমুর রহমান, এএসআই সামছুদ্দোহাসহ একাধিক টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ১ হাজার ৫০ গ্রাম গাঁজাসহ মো. সোহেল (২৮) ও আশরাফুল (২০) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক), ২৬(১) ও ৪১ ধারায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া কোতোয়ালী থানার এফআইআর নম্বর-২২, তারিখ ১৪ জুলাই ২০২৬, পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় দায়ের হওয়া ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সম্পৃক্ত মেহেদী ইসলাম (২২) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা মাদক মামলার জিআর-৪৭/২৪ (কোতোয়ালী-৫(২)/২৪)-এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শাহানুর ওরফে শানুকেও আটক করে পুলিশ।
পুলিশ জানায়, কোতোয়ালী থানার গোয়ালপাড়া এলাকায় উদ্দেশ্যহীন ও সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে সিএমপি অধ্যাদেশের ৮৮/১০৩ ধারায় আরও ১২ জনকে আটক করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
MD.RIMON AL FAHAD
Copyright © 2026 Desh Investigation. All rights reserved.