
চট্টগ্রাম: নগরীর বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৬০০ পিস ইয়াবাসহ মো. সোহেল (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়।
সিএমপি সূত্রে জানা গেছে, ডিবি (উত্তর) বিভাগের টিম-৩১-এর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আফতাব হোসেনের নেতৃত্বে বাকলিয়া থানার মিয়াখান নগরের ময়দার মিল মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. সোহেলকে আটক করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল স্বীকার করেন যে, মিয়াখান নগরের জে. কে. টাওয়ার (রফিক চৌধুরী বিল্ডিং)-এর তৃতীয় তলায় তার ভাড়া বাসায় বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ও একটি বিদেশি পিস্তল মজুত রাখা হয়েছে।
এরপর উপস্থিত সাক্ষীদের সামনে ওই বাসায় তল্লাশি চালানো হয়। তল্লাশিতে শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারে থাকা একটি আইফোনের বাক্স থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট (মোট ওজন ৬০ গ্রাম) উদ্ধার করা হয়। একই কক্ষের স্টিলের আলমারির ড্রয়ার থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং ৭ দশমিক ৬৫ মিলিমিটার ক্যালিবারের এক রাউন্ড গুলি জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা আলামত জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। আটক সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
MD.RIMON AL FAHAD
Copyright © 2026 Desh Investigation. All rights reserved.