চট্টগ্রাম: শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও আত্মত্যাগের স্মরণে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। পরে শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে আয়োজিত আলোচনা সভা এবং সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের আত্মত্যাগকে জাতির অনন্ত প্রেরণার উৎস হিসেবে অভিহিত করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।
বুধবার (৫ আগস্ট) সকালে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মো. মাসুদ আলম। এ সময় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত থেকে নীরবতা পালন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদ এবং বীর সংগ্রামীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ সুপার বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে আত্মত্যাগ, সাহস, দেশপ্রেম ও গণমানুষের আকাঙ্ক্ষার এক উজ্জ্বল অধ্যায়। এই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মদান জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তাদের আদর্শ, ত্যাগ ও সংগ্রাম একটি ন্যায়ভিত্তিক, মানবিক এবং নিরাপদ বাংলাদেশ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে।
পরে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা এবং জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার বলেন, শহিদদের আত্মত্যাগ কেবল ইতিহাসের অংশ নয়, এটি একটি জাতির বিবেক, সাহস এবং দায়িত্ববোধের প্রতীক। তাদের স্মৃতিকে সম্মান জানানো মানে শুধু ফুল দেওয়া নয়; বরং তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সততা, ন্যায়বিচার, আইনের শাসন এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করা।
তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের সাহসিকতা এবং আত্মত্যাগ দেশের মানুষের কাছে দেশপ্রেম, দায়িত্ববোধ ও গণতান্ত্রিক চেতনার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তাদের অবদান নতুন প্রজন্মকে রাষ্ট্র ও সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। শহিদদের আত্মত্যাগ ও জুলাই যোদ্ধাদের সংগ্রাম জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এই চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলাই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।
পরে জুলাই শহিদ পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয় এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে চট্টগ্রাম জেলা পুলিশ জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায় এবং তাদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের সেবায় দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় পুনর্ব্যক্ত করে।