জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তিন যোদ্ধার আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জুলাইযোদ্ধাদের হাতে এসব যানবাহন তুলে দেন তিনি। এ সময় তাদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকার বিষয়ে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।
নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখকে দেওয়া হয় একটি সিএনজি অটোরিকশা। সিএনজি চালিয়ে নিজের পড়াশোনার পাশাপাশি পরিবারের ভরণপোষণ করেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর-১০ এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন আজিজ। তার শরীরে ৩৬টি গুলির স্প্লিনটার বিদ্ধ হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে হবে।’
কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফার পেয়েছেন দুটি প্যাডেলচালিত রিকশা। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহের পাশাপাশি নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন তিনি।
গফফার জানান, উপহার পাওয়া একটি রিকশা ঢাকায় চালিয়ে জীবিকা নির্বাহ করবেন। অন্যটি ভাড়া দেবেন।
এ ছাড়া বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকেও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের অভাবে দীর্ঘদিন ধরে কষ্টে জীবনযাপন করছিলেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে উপহার পাওয়া যানবাহনগুলো কীভাবে পরিচালনা করা হবে, তা প্রত্যক্ষ করেন। জুলাইযোদ্ধারা কীভাবে নিরাপদে এসব যানবাহন নিয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছাবেন, সে বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া এসব যোদ্ধার আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে তাদের জীবিকা নির্বাহে সহায়তা করার পাশাপাশি স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।